গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মঙ্গলবার দুটি পৃথক ইউনিয়নে স্কুল ছাত্রীসহ দুজনের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামে গলায় ফাঁস দিয়ে রুবেল মিয়া (২২) ও কঞ্চিবাড়ি ইউনিয়নের দক্ষিণ কালীর খামার গ্রামে মুক্তা আক্তার (১৫) গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
মৃত রুবেল মিয়া দক্ষিণ মরুয়াদহ গ্রামের মোজাম্মেল হকের ছেলে। আর মুক্তা আক্তার দক্ষিণ কালীর খামার গ্রামের গোলাম মোস্তফার নবম শ্রেণি পড়ুয়া মেয়ে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে রুবেল মিয়া নিজের শয়নঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। রুবেল মাদকদ্রব্যসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন। এজন্য তার স্ত্রী কয়েক দিন আগে বাবার বাড়ি চলে যান। একারণে রুবেল মিয়া আত্মহত্যা করে থাকতে পারেন বলে পরিবারের ধারণা।
অন্যদিকে, মঙ্গলবার ভোরে মুক্তা বেগমকে তার পছন্দের ছেলের সঙ্গে বিয়ে না দেওয়ার অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের লোকজন জানান।
সুন্দরগঞ্জ থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) বুলবুল ইসলাম জানান, দুই ঘটনাস্থলেই পুলিশ পাঠানো হয়েছে।