সুপারি চুরির অভিযোগে চতুর্থ শ্রেণীর এক ছাত্রকে বাসায় ডেকে নিয়ে নির্মমভাবে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গুরুত্বর আহত ওই ছাত্রকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নির্যাতিত সাজাদ হোসেন (১১) জামালপুর শহরের লাঙ্গল জোড়া গ্রামের কাঠমিস্ত্রি আব্দুল কুদুসের ছেলে। সে পৌর এলাকার লাঙ্গলজোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। সে জামালপুরে শিশু নাট্য কর্মী হিসেবেও বেশ পরিচিত।
স্থানীয় এবং নির্যাতিত ছাত্রের স্বজনদের বরাতে জানা গেছে, সোমবার (৫ অক্টোবর) দুপুরে লাঙ্গলজোড়া উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলছিলো সাজাদ ছিল। এ সময় একই এলাকার নিহাল খান সাজাদকে ডেকে তাদের বাড়িতে নিয়ে যায়। এরপর নিহালের বাবা সোহাগ খান তাকে গলায় দড়ি পেঁচিয়ে ধারোলো ছুরি দিয়ে গলায় আঘাত করে। এক পর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। এতে সে অজ্ঞান হয়ে যায়।
খবর পেয়ে সাজাদের বাবা এবং এলাকাবাসী সোহেল বাসায় গিয়ে তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: চিরঞ্জীব সরকার বলেন, তার গলায় আঘাতের চিহ্ন আছে। তাকে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে সিভিল সার্জন আরএমও বসে সিদ্ধান্ত নিবেন।
জামালপুর সদর থানার ওসি সালেকুজ্জামান জানিয়েছেন, নির্যাতিত স্কুলছাত্রের নাম ঠিকানা সংগ্রহ করেছি। মামলা দায়ের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।