জাপানের শোই কিসেন কাইশা কোম্পানিকে ৯০ কোটি ডলার জরিমানা করেছে মিশর। মার্চে এভার গিভেন জাহাজের কারণে সৃষ্ট যানজটের ক্ষতিপূরণ বাবদ এই অর্থদণ্ড ধার্য করেছে মিশরের এক আদালত।
স্থানীয় সময় মঙ্গলবার মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল আহরামের খবরে এই তথ্য প্রকাশ করা হয়। এদিকে জরিমানা আদায় না করা পর্যন্ত এই কার্গো জাহাজটি আটক রাখা হবে বলে জানিয়েছে সিএনএন।
এই জরিমানার মধ্যে জাহাজটর রক্ষণাবেক্ষণের খরচ আর উদ্ধারকাজের বাজেটও যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে মিশর কর্তৃপক্ষ। ধূলিঝড়ের কবলে পড়ে ২৩ মার্চ সুয়েজ খালের পাড়ে আড়াআড়িভাবে আটকে যায় ৫০০ মিটার লম্বা, ৫৯ মিটার চওড়া, দুই লাখ ২০ হাজার টনের এমভি কার্গো জাহাজ এভার গিভেন। এপ্রিলের শুরুতে জাহাজটি উদ্ধার করে সুয়েজ খালের পাশেই গ্রেট বিটার লেকে নোঙর করা হয়।
বিশ্বের ব্যস্ততম নদীপথ সুয়েজ খালে এক সপ্তাহ নৌযান চলাচল বন্ধ ছিল এই জাহাজের কারণে। অন্তত ৪২০টি জাহাজ এর পেছনে আটকে পড়ে। ফলে এক সপ্তাহের বেশি সময় ধরে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিদিন প্রায় ৬০০ থেকে এক হাজার কোটি ডলার ক্ষতি হয়েছে।