রাজধানীর সূত্রাপুরে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে অনন্ত নামের এক কিশোর খুন হয়েছে। ১৪ বছরের অনন্তের শরীরে এলোপাতাড়ি ছুরিকাঘাতের চিহ্ন আছে। গতকাল সোমবার (২৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আরও দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলো সাজু ও সোহেল।
পুলিশ জানায়, দুটি কিশোর গ্যাংয়ের বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এপর্যন্ত তিনজনটে আটক করেছে পুলিশ। দুপুরের মধ্যে এ ঘটনায় মামলা হবে বলে জানিয়েছে নিহতের পিতা।
নিহত অনন্তের এক বন্ধু সারোয়ার জানায়, তারা ৮-১০ জন বন্ধু মিলে রাত নয়টা থেকে ফরাজগঞ্জ ঘাটে আড্ডা দিচ্ছিলো। এরপর রাত ১১টার দিকে তারা সেখান থেকে বাসায় ফেরার সময় স্থানীয় ফেরদৌস, আল আমিন, সাব্বির সহ ৯-১০ জন মিলে অনন্ত ও সাজুকে মারধর শুরু করে। একপর্যায়ে তারা অনন্ত ও সাজুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাদেরকে দুজনকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক অনন্তকে মৃত ঘোষণা করেন।