ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সেঞ্চুরিয়নে চালকের আসনে শ্রীলঙ্কা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৪৩ বার পঠিত

সেঞ্চুরিয়নে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে চালকের আসনে বসেছে সফরকারী শ্রীলঙ্কা। শনিবার শুরু হওয়া এই টেস্টে চান্দিমাল, ধনাঞ্জয়া ও ডিকওয়েলার ব্যাটিং নৈপুণ্যে ৬ উইকেটে ৩৪০ রান নিয়ে প্রথম দিন শেষ করে লঙ্কা।

যদিও এতে স্বস্তিতে নেই শ্রীলঙ্কা। কেননা ফিফটি পেলেও চোট পেয়েই মাঠ ছাড়তে হয়েছে ধনঞ্জয়া ডি সিলভাকে। যাতে ম্যাচের বাকি অংশে এই ব্যাটসম্যানকে পাওয়া নিয়ে আছে সংশয়। তবে মাঠ ছাড়ার আগে ১০৬টি বল মোকাবেলা করে ১১টি চার ও একটি ছক্কার সাহায্যে ৭৯ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি।

একইসঙ্গে দলীয় ৫৪ রানেই যখন তিনটি উইকেট পড়ে যায়, সেই কঠিন মুহূর্তে ব্যাট হাতে নেমে চতুর্থ উইকেটে চান্দিমালের সাথে ১৩১ রানের মূল্যবান জুটি গড়ে দলকে করেন বিপর্যয়মুক্ত। রিটায়ার্ড হার্ট হয়ে ধনঞ্জয়া ফিরে গেলেও নিরোশান ডিকওয়েলাকে নিয়ে আরও একটি ভালো জুটি গড়েন দিনেশ চান্দিমাল।

যদিও এই জুটিতেও ছিল অনেক না পাওয়ার খেদ। মাত্র এক রানের জন্য যেমন হয়নি শতরানের জুটি, তেমনি ১৫ রানের আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে চান্দিমালকে। অন্যদিকে এর কিছুক্ষণ পর মাত্র ১ রানের জন্যই নিজের ষোড়শ ফিফটি বঞ্চিত হন নিরোশান। অর্থাৎ ফেরার আগে ১৬১ বল মোকাবেলায় ১১টি চারের মারে ৮৫ রান করেন দ্বাদশ শতক বঞ্চিত চান্দিমাল। আর ৮৬ বল খেলে ছয়টি চারের সাহায্যে ৪৯ রান আসে ডিকওয়েলার ব্যাট থেকে। এরপর দিনের খেলা শেষ হবার ৮ ওভার আগে ষষ্ঠ উইকেট হিসেবে মাঠ ছাড়েন ওয়ানিন্দু হাসারাঙ্গা (১৮)।

এর আগে সকালে টস জিতে ব্যাট করতে নেমে ৫৪ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। এসময় প্রোটিয়া পেসারদের তোপের মুখে একে একে সাজঘরে ফেরেন দিমুথ করুণা রত্নে (২২), কুশল মেন্ডিস (১২) এবং কুসল পেরেরা (১৬)। এরপরই দলের হাল ধরেন দীনেশ চান্দিমাল ও ধনঞ্জয়া ডি সিলভা। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে দলীয় রান পৌঁছায় ১৮৫-তে।

তবে পায়ের পেশিতে টান লাগলে এম্বুলেন্সে বসে মাঠ ছাড়তে হয় ধনঞ্জয়াকে। শেষপর্যন্ত আর মাঠে নামা হয়নি। দিনের খেলা তো বটেই, ধনঞ্জয়ার হয়ত এই ইনিংস বা এই ম্যাচ কিংবা এই সিরিজেও আর মাঠে নামা নাও হতে পারে।

২৯ বছর বয়সী এই অলরাউন্ডারকে এখন অপেক্ষা করতে হচ্ছে মেডিকেল পরীক্ষার রিপোর্টের জন্য। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়া ক্রিকেটার মেডিকেল টিমের সহায়তায় ড্রেসিংরুমে ফেরার পর প্রাথমিক চিকিৎসা নেন। প্রাথমিকভাবে মনে হয়েছে, সফট টিস্যু ইঞ্জুরির শিকার তিনি। এমআরআই পরীক্ষার ফলাফল পেলে বোঝা যাবে চোটের অবস্থা।

লঙ্কান ক্রিকেটার চান্দিমাল জানান, ‘চোট পাওয়ার পরপরই ধনঞ্জয়া আমাকে জানায় পেশিতে টান লেগেছে। সে ভাবছে, আগামী দুই বা তিন সপ্তাহ খেলতে পারবে না। দেখা যাক এমআরআই রেজাল্ট কী আসে। আশা করি দ্রুতই সেরে উঠবে। আজ দারুণভাবে ব্যাট করছিল।’

ধনঞ্জয়া খেলতে না পারলে কনকাশন সাবস্টিটিউট পদ্ধতির মাধ্যমে অন্য কোনও খেলোয়াড়কে অবশ্য একাদশে নিতে পারবে শ্রীলঙ্কা।

এদিকে, প্রথম দিনে লঙ্কান ইনিংসের ছয়টি উইকেট তুলে নিতে পারলেও আজ রোববার দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়াতে চায় স্বাগতিকরা। প্রথমদিনে দক্ষিণ আফ্রিকার পিছিয়ে পড়ার জন্য অবশ্য তাদের অনভিজ্ঞ বোলিং আক্রমণকেই দায়ী করা যায়। বেশিরভাগ সময়েই তারা তাদের সঠিক লাইন ও লেন্থ বজায় রাখতে ব্যর্থ হয়।

যাতে সব বোলারই ওভার প্রতি তিন রানেরও বেশি দিয়ে গেছেন। এমনকি দুই একজন মাঝে মাঝে ১৫০ কিলোমিটার ঘণ্টাবেগে বল করলেও তা কাঁপন ধরাতে পারেনি সফরকারীদের বুকে। যদিও এদের মাঝে উইয়ান মুলডারই ছিলেন সবচেয়ে সফল বোলার, যিনি একাই নিয়েছেন তিনটি উইকেট। বাকি তিনটি নিজেদের মাঝে ভাগ করে নিয়েছেন লুঙ্গি এনগিদি, লুথো সিপামলা ও অ্যানরিখ নর্তজে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102