উত্তরের জনপদ নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে ভোটবর্জনের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির মেয়রপ্রার্থী সিদ্দিকুল আলম।
ভোট চলাকালীন রোববার বেলা ১১টার দিকে সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড় এলাকার জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে তিনি সংবাদ সম্মেলন করে ভোটবর্জনের ঘোষণা দেন।
তিনি বলেন, ভোটে অনিয়ম, কর্মীদের পিটিয়ে ভাগানো ও প্রশাসনের পক্ষপাতদুষ্টতার অভিযোগ তুলে আনুষ্ঠানিকভাবে নির্বাচন বর্জন ঘোষণা দিয়েছি।
সংবাদ সম্মেলনে আবেগ তাড়িত কণ্ঠে সিদ্দিকুল আলম বলেন, আমরা বিরোধী দলে আছি। সরকারের ভালো কাজে সহযোগিতা দিচ্ছি।
অথচ সৈয়দপুর পৌরসভা নির্বাচনে আমাদের কর্মীদের নির্যাতন করা হচ্ছে। এ নির্যাতন থেকে নারী কর্মীরাও বাদ যাননি। এখানে ৪১টা কেন্দ্র থেকে নৌকার সমর্থক এবং পুলিশ ও প্রশাসন সরকারদলীয় কর্মীদের সহযোগিতায় আমার পোলিং এজেন্টদের জোর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। এমনকি আমার মাকেও ভোট দিতে দেননি। আমার পোলিং এজেন্টদের ব্রাশ ফায়ার করে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।
তিনি বলেন, আবার কোনো কেন্দ্রে প্রশাসনের সামনে নৌকার সমর্থক আমার এজেন্টদের প্রকাশ্যে হুমকি দিচ্ছে; নৌকা যদি না জিতে আপনার চামড়া তুলে নেব আমরা। যদি একতরফা নির্বাচনই হবে, তা হলে কেন এই নির্বাচনী নাটক।
তিনি বলেন, বেশ কিছু কেন্দ্রে ইভিএম বন্ধ করে শুধু নৌকায় ভোট প্রদান করছেন দলীয় কর্মীরা।
সংবাদ সম্মেলনে প্রার্থীর স্ত্রী ইয়াসমিন আলম, জাপার কেন্দ্রীয় কমিটির সহছাত্রবিষয়ক সম্পাদক ফয়সাল দিদার দীপুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী বলেন, আমি অভিযোগ পেয়ে বিভিন্ন কেন্দ্রে গেছি। কিন্তু বিশৃঙ্খলা দেখতে পাইনি।