রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পূরবী ইসলামের রহস্যজনক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে কোলারহাট গ্রামের বাড়ি থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। তিনি কোলারহাট সদরউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেনের স্ত্রী। পুলিশ ফরহাদ হোসেনকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
নিহতের মেয়ে মাইশা ফারজানা জানান, তিনি ফরিদপুরে পড়ালেখা করেন। শুক্রবার সারাদিন মায়ের সঙ্গে মোবাইল ফোনে বেশ কয়েকবার কথা বলেছেন। তার মা রোজা ছিলেন। মা দীর্ঘদিন ধরেই অসুস্থ। ইনহেলার লাগে। এ কারণে মাকে রোজা রাখতে বারণ করেছিলেন। রাতে যখন মাকে ফোন দেন তখন ফোন রিসিভ হয়নি। পরে তার ভাইকে ফোন দেন। তার ভাই জানায়, মা দরজা বন্ধ করে নামাজ পড়ছেন। তিনি তখন তার ভাইকে বলেন, মা তো দরজা বন্ধ করে নামাজ পড়ে না। একারণে ভালো করে দেখতে বলেন। অনেক ডাকাডাকির পর দরজা না খোলায় দরজা ভেঙে তার মাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।