স্কুল কলেজের শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা ও টিকার বিষয়ে আগামীকাল রবিবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার সকালে তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ((ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কমপ্রিহেনসিভ)) পরীক্ষা পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমেরিকায় শিক্ষাথীদের মডার্না আর ফাইজার ভ্যাকসিন দেয়া হচ্ছে, বাংলাদেশও সেই পথে এগুতে চায়। ১৮ বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের যে কোনও টিকা দেওয়া যাবে। তবে এর নিচে যাদের বয়স তাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী ফাইজার বা মর্ডানার টিকা দেয়া হবে।
তিনি বলেন, ইতিমধ্যেই মেডিক্যাল শিক্ষার্থীদের ৮০ ভাগের বেশি টিকা পেয়েছেন। প্রায় সব শিক্ষকদেরও টিকা দেয়া শেষ। সে কারণে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে মেডিক্যাল কলেজ খুলতে সমস্যা হবে না।
টিকা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এরমধ্যে চীন থেকে নতুন করে ৬ কোটি ডোজ টিকার মধ্যে থেকে প্রতিমাসে ২ কোটি ডোজ করে আগামী তিনমাসে এই টিকা দেশে পৌঁছাবে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আরও ১০ কোটি ৫০ লাখ ডোজ টিকা কেনা হবে। সেইসাথে ভ্যাকসিন অ্যালায়েন্স কোভ্যাক্স সুবিধার আওতায় টিকাও আসবে।