বন্দরে মদনপুরের হরিপুর এলাকায় স্টার পার্টিকেল বোর্ড মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। নারায়ণগঞ্জ, বন্দর, সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণের আনে।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। পারটেক্সের সাইলোর ডিপোতে মেশিনের ঘর্ষণ থেকে আগুন লাগে বলে প্রত্যক্ষদর্শী শ্রমিক সূত্রে জানা গেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আরেফিন জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে নারায়ণগঞ্জ, বন্দর, সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ জানান, মেশিনের ঘর্ষণ থেকে আগুন লাগে। আগুনে পার্টিকেল বোর্ড তৈরির উপকরণ পাটকাঠি এবং মেশিনারিজ পুড়ে গেছে।
ঘটনাস্থলে যাওয়া বন্দর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোহাম্মদ আনিসুর রহমান জানান, সন্ধ্যা ৬টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।