প্রথমে হত্যা, এরপর দুর্ঘটনার নাটক। যা হার মানাবে নাটক-সিনেমার গল্পকেও। এমনিভাবে স্ত্রী খুনের অভিযোগে রাজধানীতে আটক করা হয়েছে স্বামীকে। এখন পর্যন্ত পাওয়া আলামত ও সাক্ষীদের বক্তব্যেও মিলেছে একই তথ্য। এ ঘটনায় গুলশান থানায় মামলার প্রস্তুতি চলছে।
শনিবার সকাল ৯টা। দোতলা থেকে চাদরে মোড়া গৃহবধূ ঝিলিকের দেহ নামাচ্ছেন দুই গৃহকর্মী ও বাসার কেয়ারটেকার। পরে তোলা হয় প্রাইভেটকারে। এর কিছুক্ষণ পরই হাতিরঝিলে ওই প্রাইভেটকারটি দুর্ঘটনার শিকার হয়। তখন আহত অবস্থায় স্বামী সাকিব আলম জানিয়েছিলেন, নিজের গাড়ি চালিয়ে অসুস্থ স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন তিনি। তবে, ঢাকা মেডিকেলে নেয়ার পর চিকিৎসক জানান, দুর্ঘটনায় নয় শুক্রবার রাতেই মারা গিয়েছিলেন ঝিলিক। এতে আটক করা হয় স্বামীকে।
বাসার ম্যানেজার জানান, সকালে যখন ঝিলিককে নামানো হয় তখন তাকে নড়াচরা করতে দেখেনি তিনি। নিহতের দেবর জানান, সকাল ৮টাতেই ঝিলিকের মৃত্যুর খবর শুনেছিলেন তিনি।
পুলিশ বলছে, প্রাথমিকভাবে একে হত্যাকাণ্ড মনে করছেন তারা।