করোনাকালে স্ত্রী-কন্যাকে ভিক্ষুক সাজিয়ে চাল দিয়ে সমালোচিত ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতিবিদ মো. শাহ আলমকে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা (পুরস্কার) দেয়া হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। সমালোচনার ঝড় ওঠায় নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন।
জানা গেছে, শাহ আলমকে সম্মাননা প্রদানের বিষয়টি কোনো প্রক্রিয়ায় নির্ধারিত হয়েছে তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যার জন্য জেলা সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক মাসুদুল হাসান তাপসকে আদেশ দিয়েছেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান ডেইলি বাংলাদেশকে জানিয়েছেন, রোববার রাতে তার স্বাক্ষরিত ওই চিঠিটি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, মো. শাহ আলম ওএমএস ডিলারশিপ নিয়ে বিতর্কিত হওয়ায় তাকে সম্মাননা দেয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়েছে। কোন প্রক্রিয়ায় এবং কীভাবে মো. শাহ আলমকে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য মনোনয়ন দেয়া হয়েছে এ বিষয়টি নিম্ন স্বাক্ষরকারী জ্ঞাত নন।
এ অবস্থায় মো. শাহ আলমকে সম্মাননা প্রদানের বিষয়টি কোন প্রক্রিয়ায় নির্ধারিত হয়েছে তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দেয়ার জন্য বলা হলো।