দুই মেয়ে আর এক ছেলে নিয়ে সুখের সংসার সাকিবের। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবারের বিভিন্ন সময়ের ছবি হরহামেশাই শেয়ার করে থাকেন সাকিব ও তার স্ত্রী শিশির। তাদের পারিবারিক নানা কর্মকাণ্ডের ছবি সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দেয়।
শুক্রবার (১৩ আগস্ট) সাকিবপত্নী উম্মে শিশির তেমনই কিছু ছবি শেয়ার করেছেন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে। ছবিতে দেখা যায়, দুই মেয়ে আলাইনা এবং ইরামকে নিয়ে খেলায় মেতেছেন সাকিব। এর পাশাপাশি নানারকম মুখরোচক খাবারের আয়োজনও দেখা যায়। ছবি পোস্ট করে উম্মে শিশির লিখেছেন, যখন সে (সাকিব) ঘরে থাকে তখন উৎসব শুরু হয়ে যায়। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ।
সাকিব শুধু মাঠের ক্রিকেটেই সেরা নন। মাঠের বাইরে বাবা হিসেবেও সাকিব যে সেরা তারই প্রমাণ যেন এ ছবিগুলো।
চলতি বছর ১৬ মার্চ তৃতীয় সন্তানের বাবা হয়েছেন সাকিব আল হাসান। দুই মেয়ের পর সাকিব-শিশির দম্পতির ঘরে জন্ম নেয় ছেলে আইজাহ। ২০১৬ সালে সাকিবের প্রথম কন্যা আলাইনা হাসান অব্রির জন্ম হয়। তারপর গত বছরের এপ্রিল মাসে দ্বিতীয়বারের মতো বাবা হন সাকিব। দ্বিতীয় কন্যার নাম রাখেন ইরাম হাসান। পরে পুত্রসন্তানেরও জন্ম হয় মার্কিন যুক্তরাষ্ট্রে।
এর আগে ২০১২ সালের ১২ ডিসেম্বর উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
এদিকে পাঁচটি টি-টোয়েন্টি খেলতে চলতি মাসে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। সেই সফরের আগে আবারও দেশে ফিরবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।
চলতি মাসের ২৪ তারিখ বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। সিরিজ শুরু হবে ১ সেপ্টেম্বর। এর আগে ২৯ আগস্ট সাভারের বিকেএসপিকে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন ব্ল্যাকক্যাপরা।
এদিকে সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করেন সাকিব। ব্যাটে-বলে অসাধারণ পারফর্ম করে পেয়েছেন সিরিজসেরার পুরস্কার। এছাড়া ধারাবাহিক পারফরমেন্সের সুবাদে টি-টোয়েন্টির অলরাউন্ডার র্যাংকিংয়ে আবারও ফিরে পেয়েছেন মসনদ। আফগানিস্তানের মোহাম্মদ নবীকে ছাড়িয়ে উঠে গেছেন তালিকার এক নম্বরে।
এর পাশাপাশি জুলাই মাসের সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন সাকিব। আইসিসি ঘোষিত জুলাই মাসের পুরস্কারটি জিতে নিয়েছেন তিনি। জিম্বাবুয়ে সিরিজে দারুণ ফর্মে ছিলেন সাকিব। সেই পারফরমেন্সই সেরা তকমা এনে দেয় তাকে। অস্ট্রেলিয়ার মিচেল মার্শ এবং ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়রকে পেছনে ফেলে আইসিসির মাস সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন সাকিব।