চট্টগ্রামের চন্দনাইশে যৌতুকের জন্য নির্যাতন করে রুবি আকতার নামে এক সন্তানের জননীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মহিউদ্দিনের বিরুদ্ধে।
শুক্রবার (২৭ নভেম্বর) দোহাজারি দিয়ারকুল আশ্রম কেন্দ্র এলাকার শ্বশুর বাড়ির বাথরুমে গলায় ফাঁস লাগানোর অবস্থায় রুবি আকতারের মরদেহ উদ্ধার করা হয়। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
নিহত রুবি আকতার বাঁশখালী উপজেলার ফুলছড়ি নতুনপাড়া এলাকার রাজামিয়ার কন্যা। তার ৮ মাস বয়সি একটি কন্যা সন্তান রয়েছে। গত ২ বছর আগে দিয়ারকুল আশ্রম কেন্দ্র এলাকার অটোরিকশা চালক মহিউদ্দিনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুর পক্ষের লোকজন যৌতুকের জন্য তার োপর সবসময় শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলো বলে অভিযোগ তার পরিবারের।
পুলিশ জানায়, প্রাথমিক আলামতে আত্মহত্যা বলে মনে হচ্ছে। পোস্টমর্টেম রিপোর্টে আঘাতজনিত কারণে মৃত্যুর কথা উল্লেখ থাকলে হত্যা মামলা হবে।