এক মাস থেকে চার বছর বয়সী চার সন্তানকে নিয়ে কুয়ায় ঝাঁপ দেন এক মা। পরে পুলিশ ও উদ্ধারকারীরা ওই পাঁচ জনকে উদ্ধার করলেও চার শিশুর কাউকে বাঁচানো যায়নি। এ ঘটনা ঘটেছে ভারতের আজমিরের গিগালপুরা গ্রামের মঙ্গলিয়াওয়াস ব্লকে।
টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, খবর পেয়ে উদ্ধার কাজে নামে পুলিশ ও উদ্ধারকারীদের একটি দল। তারা ওই নারীকে বাঁচাতে পারলেও চার শিশুর সবাই মারা গেছে। গত শনিবার ওই শিশুদের মরদেহ কুয়া থেকে উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, স্বামীর সঙ্গে ঝগড়া করে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন ৩২ বছর বয়সী ওই নারী। মঙ্গলিয়াওয়াস থানার এসএইচও সুনীল টাডা বলেছেন, গিগালপুরা গ্রামের বাসিন্দা বোধু গুজ্জর শনিবার সকালে পুলিশকে ফোন করেছিলেন যে তার স্ত্রী মতি দেবী প্রতিবেশী বলদেব সিংয়ের কূপে ঝাঁপ দিয়েছেন।
পুলিশ উদ্ধারকারী দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। সুনীল জানান, কেবল মতি দেবীকে বাঁচানো গেছে। তার চার সন্তান- রাজবীর (২) রিংকু (৩), কোমল (৪) এবং মাত্র এক মাস বয়সী দেবরাজ মারা গেছে। তাদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেএলএন হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ওই দম্পতির সাত বছর বয়সী ছেলে রবি বেঁচে আছে কারণ সে বাড়িতে ঘুমাচ্ছিল। এদিকে এ ঘটনায় মতি দেবীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বোধু গুজ্জর পুলিশকে জানান, সবশেষ সন্তান জন্ম দেয়ার পর থেকেই হতাশায় ভুগছিলেন তার স্ত্রী। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। শুক্রবার ঝগড়ার একপর্যায়ে চার সন্তান নিয়ে রাগের মাথায় কুয়ায় ঝাঁপ দেয় মতি।