রংপুরের বদরগঞ্জ পৌর শহরে বিয়ের দাবিতে সাত দিন ধরে সাবেক স্বামীর ভাইয়ের বাড়ির সামনে অবস্থান নিয়েছেন এক গৃহবধূ। বৃহস্পতিবার সরেজমিন এ দৃশ্য দেখা যায়।
এর আগে ৫ জানুয়ারি থেকে নিতুন মিয়ার বাড়িতে অবস্থান করছেন ওই গৃহবধূ।
অভিযুক্ত ব্যক্তি বদরগঞ্জ পৌর শহরের মণ্ডলপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে নিতুন মিয়া।
জানা গেছে, প্রায় ১৫ বছর আগে পারিবারিকভাবে নিতুনের ভাই মোস্তাফিজার রহমানের সঙ্গে তার বিয়ে হয়। ৯ বছর আগে তাদের ঘরে একটি ছেলেসন্তান জন্ম নেয়। একই সঙ্গে তাদের সংসার ভালোই চলছিল। পরে অভিযোগ উঠেছে, বিভিন্ন সময় ভুক্তভোগী গৃহবধূকে প্রস্তাব দেন মোস্তাফিজারের ছোটভাই নিতুন। ভুক্তভোগী গৃহবধূর মোবাইল ফোনে আপত্তিকর খুদেবার্তাও পাঠাতেন তিনি। পরে বিষয়টি জানতে পারেন স্বামী মোস্তাফিজার। এ ঘটনার পর থেকে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। একপর্যায়ে তা বিবাহবিচ্ছেদে রূপ নেয়।
স্থানীয়রা জানান, সাত দিন ধরে নিতুনের বাড়ির প্রধান ফটকের সামনে তীব্র ঠাণ্ডায় বিছানা পেতে সন্তানকে নিয়ে বসে আছেন ভুক্তভোগী গৃহবধূ।
ভুক্তভোগী জানান, নিতুনের কারণে আমার সংসার ভেঙেছে। এখন নিতুনকেই বিয়ে করতে চাই। যতক্ষণ আমাকে বিয়ে করবে না ততক্ষণ আমি এখান থেকে উঠব না। ইতোমধ্যে আমার সাবেক স্বামীর বিরুদ্ধে মামলাও করেছি।
অভিযুক্ত নিতুন মিয়া জানান, প্রায় দুই বছর আগে ভাই-ভাবির বিবাহবিচ্ছেদ হয়। আমার ভাবির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। তিনি আমার চেয়ে ১০ বছরের বড়। বিচ্ছেদের দুই বছর পর হয়তো কারও ইন্ধনে আমার বাড়িতে এসেছেন তিনি।
এ ব্যাপারে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, সাবেক স্বামী মোস্তাফিজারের নামে ওই গৃহবধূ একটি মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে এ ঘটনা তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।