ঈদ উপলক্ষ্যে স্বাস্থ্যবিধি না মেনে মানুষের ঘরমুখী যাত্রা আত্মহত্যার শামিল বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার দুপুরে দেশের চারটি সীমান্ত এলাকার বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের ভার্চুয়্যালি দিকনির্দেশনামূলক মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী এই আশঙ্কা প্রকাশ করেন।
জাহিদ মালেক বলেন, ঈদে ঘরমুখো মানুষ লকডাউনের সামান্য শিথিলতার সুযোগ নিয়ে দলবেঁধে গাদাগাদি করে স্বাস্থ্যবিধির কোনরকম তোয়াক্কা না করে যেভাবে ফেরি পারাপারসহ এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করছে তা একেবারে সুইসাইড সিদ্ধান্তের শামিল।
‘ভারতীয় নতুন ভ্যারিয়েন্ট মোকাবেলায় করণীয়’- শীর্ষক এই অনুষ্ঠানে মন্ত্রী প্রতিটি বর্ডার এলাকার দায়িত্বরত সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোরভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন।
মন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, বর্ডার এলাকায় ভারতে যাতায়াতকারী লোকদের পরিবারসহ সব মানুষকে দ্রুত ও বাধ্যতামূলক কোভিড পরীক্ষার আওতায় আনতে হবে। বর্ডার এলাকার কোনো যানবাহন নিজ জেলার বাইরে মুভমেন্ট যেন করতে না পারে সে ব্যাপারে জরুরি পদক্ষেপ নিতে হবে।