ভারত- বাংলাদেশের মধ্যে স্থাপিত রয়েছে নানা ধরনের সম্পর্ক। আর এই কারনে বাংলাদেশের মানুষ নানা ধরনের কাজের জন্য পাড়ি জমিয়ে থাকেন ভারতে। যার মধ্যে অন্যতম হলো এ দেশের অনেক শিক্ষার্থীর ভারতে পড়া শুনা করতে যাওয়া। এ দিকে এবার সেই পথও হয়ে গেল বন্ধ।
চলমান মহামারির নতুন ধরনের সংক্রমণ নিয়ন্ত্রণে স্টুডেন্ট ভিসাধারী বাংলাদেশি শিক্ষার্থীদের ভারতে প্রবেশ বন্ধ রাখা হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মীর মুজিবুর রহমান।
বাংলাদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের অভিযোগ, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভারতীয় শিক্ষার্থীরা পড়াশোনা করছে। তারা দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারছে। কিন্তু হঠাৎ বাংলাদেশি শিক্ষার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা।
মীর মুজিবুর রহমান বলেন, ওমিক্রন সংক্রমণ নিয়ন্ত্রণে বাংলাদেশি শিক্ষার্থীদের ভারতে প্রবেশ বন্ধ করে দিয়েছে পেট্রাপোল ইমিগ্রেশন। বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে। তবে যেসব শিক্ষার্থীদের পরীক্ষা আছে, উপযুক্ত প্রমাণ দিতে পারলে শুধুমাত্র তাদেরকেই প্রবেশ করতে দিচ্ছে পেট্রাপোল ইমিগ্রেশন।
এ দিকে ভারতে যেতে না পারা ঐ শিক্ষার্থীরা রয়েছেন এখন মহাবিপাকে। ভবিষ্যত নিয়ে হয়ে পড়েছে বেশ চিন্তিত। তারা কি করবেন এখন ভেবে পাচ্ছেন না কিছুই।