চৈত্রের দাবদাহে যেন প্রাণ ওষ্ঠাগত। আর এই গরমের সঙ্গে পাল্লা দিয়ে সারা দেশে বাড়ছে ডায়রিয়া। এ অবস্থায় হাসপাতালে বেড না পেয়ে মেঝেতেই সেবা নিতে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ও পটুয়াখালী হাসপাতালের রোগীদের।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে শয্যাভর্তি রোগী। বেড না পেয়ে মেঝেতেই সেবা নিতে হচ্ছে রোগীদের।
গত তিনদিনে ডায়রিয়া আক্রান্ত হয়ে এ হাসপাতালে ভর্তি হয়েছেন ১২০ জন। এ রোগের হাত থেকে রেহাই পাচ্ছেন না বয়স্ক নারী-পুরুষ এমন কি শিশুরাও। রোগীর বাড়তি চাপে হিমশিম খেতে হচ্ছে নার্স ও চিকিৎসকদের।
দুর্ভোগে পড়েছেন রোগীর স্বজনরাও। তারা বলছেন, হাসপাতালের পরিবেশ অনেক নোংরা। সিট খালি নেই, তিনদিন হয়েগেছে ভর্তির এখনও বাইরে বারান্দায় রোগী নিয়ে থাকতে হচ্ছে।
এদিকে, পটুয়াখালীতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ জন। এখানকার খাল-বিল-পুকুর ও নলকূপের পানিতে লবণের পরিমাণ বেড়ে যাওয়ায়, এ অঞ্চলে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে বলে জানান সিভিল সার্জন, ডা. এস এম কবির হাসান।
এই রোগ এড়াতে সচেতনতার বিকল্প নেই বলে জানান, চিকিৎসকরা। বিশুদ্ধ পানি পান আর অস্বাস্থ্যকর খাবার পরিহারের পরামর্শ তাদের।