জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩৫জন হতদরিদ্র মানুষকে স্বাবলম্বী করতে ভ্যান বিতরন।
কোভিড পরিস্থিতিতে হতদরিদ্র জনগনকে শুধু চাল-ডাল সহায়তা নয়, তাদের স্ব-নির্ভর করতে চায় সরকার। এমন ভাবনায় বরিশাল জেলা প্রশাসন কারোনাকালে সমস্যাগ্রস্থ ৩৫জন হতদরিদ্র মানুষকে সাবলম্বী করতে ভ্যান বিতরন করা হয়েছে। একই সাথে তাদের প্রত্যেকের হাতে শীত কাপড়, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার তুলে দেয়া হয়। ভ্যান সহ শীত কাপড় পেয়ে খুশী হতদরিদ্ররা।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন চত্ত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহার সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। তিনি বলেন, করোনকালে সমস্যাগ্রস্থ অনেক হতদরিদ্র মানুষকে খাদ্য সহায়তা করা হয়েছে। কিন্তু তাদের চাল-ডাল কয়েক দিনে শেষ হয়ে যায়। এ কারনে তারা যাতে কর্ম করে সংসারের ব্যয় নির্বাহ করতে পারে, যাতে তারা সাবলম্বী হতে পারে সে জন্য সরকারি-বেসরকারী উদ্যোগে সমস্যাগ্রস্থ দরিদ্রদের মাঝে ভ্যান বিতরন করা হয়েছে।
প্রদান করা ৩৫টি ভ্যানের মধ্যে ১৫টি সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক এবং ২০টি ভ্যান দেয়া হয়েছে উন্নয়ন সংস্থারগুলোর আর্থিক সহায়তায়।
এদিকে, একই অনুষ্ঠানে একটি মামলায় এক বছরের সাজাভোগের পর মুক্তি পাওয়া নলছিটির অসহায় ২ কন্যা সন্তানের জননী লিনা আক্তারকে একটি সেলাই মেশিন প্রদান করে জেলা প্রশাসন।