হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আশরাফ হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২০শে মার্চ) দুপুরে উপজেলার জাতুকর্ণপাড়ার মাইজের মহল্লা এলাকার একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আশরাফ একই জেলার আজমিরীগঞ্জ উপজেলার নগর গ্রামের আব্দুল আহাদের ছেলে। সে বানিয়াচংয়ের দোয়াখানী এলাকায় আশরাফ তার নানা বাড়িতে থাকতো।
পুলিশ জানায়, দুপুরে দোয়াখানীর পার্শ্ববর্তী মাইজের মহল্লা এলাকার একটি ঝোপে তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠায়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন জানান, মরদেহের গলায় দাগ ও দুই চোখে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আশরাফকে শ্বাসরোধ করে হত্যার পর ঝোপে ফেলে রাখা হয়েছে।