হবিগঞ্জের আজমিরীগঞ্জে ভিমরুলের কামড়ে বৃদ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। তারা হচ্ছেন পৌর এলাকার জুম্মাহাটি এলাকার বাসিন্দা আবুল হোসেন (৮০) ও তার স্ত্রী অজুতুন নেছা (৬০)।
শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। তাদের একেকজনের শরীরে ভিমরুলের সহস্রাধিক কামড়ের দাগ ছিল বলে চিকিৎসক জানিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মনির হোসেন জানান, আবুল হোসেন ও আজুতুন নেছার প্রতিজনের শরীরে ভিমরুলের সহস্রাধিক কামড়ের দাগ রয়েছে। অতিরিক্ত বিষক্রিয়ায় তারা মারা গেছেন।
তিনি বলেন, দুজনেরই হাসপাতালে আইসিইউ সাপোর্ট প্রয়োজন থাকায় বিভাগীয় হাসপাতালে রেফার করা হয়েছিল। কিন্তু সঙ্গে পরিবারের আর কোনো সদস্য না থাকায় রাতের বেলা নিয়ে যাওয়া হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল হোসেনের ঘরের সামনে আম গাছে ভিমরুলের বাসা ছিল। শুক্রবার বিকালে তিনি ও তার স্ত্রী ঘর থেকে বের হলে ভিমরুলের দল তাদেরকে কামড়ায়। পরে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তারা মারা যান। তারা নিঃসন্তান ছিলেন।