চাঁদপুরের হাজীগঞ্জে মনোরমা সূত্রধর (৬০) নামে বিধবা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মৃতের পুত্রবধু শিবানী সূত্রধর (৩০)কে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার(১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পশ্চিম রাজারগাঁও সূত্রধর বাড়িতে। মনোরমা সূত্রধর এ বাড়ির মৃত হরেন্দ্র সূত্রধরের স্ত্রী।
স্থানীয়রা জানান, মৃত নারী দুই মেয়ে ও ১ ছেলের মা। মেয়েদেরকে বিয়ে দিয়ে তিনি ছেলে গৌরাঙ্গ সূত্রধর আর ছেলের বউ শিবানীকে নিয়ে স্বামীর ভিটায় বসবাস করতেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ থেকে ছেলে বাড়িতে এসে জানতে পারেন তা মা মারা গেছেন। তবে মৃত্যুর পর তার শরীরের বিভিন্নস্থানে রক্তের দাগ দেখে বাড়ির কিংবা প্রতিবেশীদের মনে ধারণা তৈরি হয় বৃদ্ধা মনোরমা সূত্রধর হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
এর পরেই আশপাশে রটে যায় মনোরমাকে পুত্রবধূ শিবানী হত্যা করেছে। এমন তথ্যের সূত্র ধরে রাতেই ঘটনাস্থলে পৌঁছেন হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ জানান, আমরা ঘটনাস্থলে এসেছি। লাশের সুরতহাল তৈরিকালে কিছু অসঙ্গতি ধরা পড়েছে। তাই ময়নাতদন্ত শেষে এ বিষয় বিস্তারিত জানা যাবে। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য মৃতের পুত্রবধূকে থানায় নিয়ে আসা হয়েছে।