ময়মনসিংহের ব্রাহ্মপল্লীর লালু মিয়ার গলি এলাকায় হাত-পায়ের রগ কাটা অবস্থায় এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তরুণী জেলার ধোবাউড়ার উপজেলার সানাউল্লাহর মেয়ে সালমা আক্তার (২২)। তিনি স্বামী রাজিব মিয়ার সঙ্গে ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয়রা জানান, সালমা ও তার স্বামী রাজিব মিয়া মাদকাসক্ত ছিলেন। বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়া শেষে প্রতিবেশীরা তাদের ঘরে গিয়ে দেখেন দরজা বন্ধ। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে সালমার মরদেহ ঝুলতে দেখেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম আকন্দ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে রাজিব পলাতক। এখনও নিহতের পরিবার কোন মামলা করেনি।