হিলিতে দুর্বৃত্তের ছোড়া ইটের আঘাতে জালাল উদ্দীন (৬০) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে হিলির জালালপুর গ্রামে।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর (হিলি) থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।
তার পরিবার পরিজনরা বলেন, বুধবার সকালে জালাল উদ্দীন পাশের গুচ্ছগ্রামে গরু কেনার জন্য ৪০ হাজার টাকা নিয়ে বের হন। সকাল ৮টার দিকে জালালপুর-গুচ্ছগ্রামের মাঝে একটি মাঠে তাকে রক্তাক্ত অবস্থায় গ্রামবাসী তাকে দেখতে পান। তার মাথায় বড় ধরনের আঘাত ছিল বলে জানান এলাকাবাসী।
রক্তাক্ত অবস্থায় গ্রামবাসী তাকে হাকিমপুর হিলি হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হলে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।
এ বিষয়ে হাকিমপুর থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, কে বা কারা, কী জন্য এ ব্যক্তিকে মেরে ফেলেছেন তা নিশ্চিত হতে পারিনি। তদন্ত চলছে, তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় আনা হয়েছে।