সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির ফলোয়ার সংখ্যা ৩৭ মিলিয়ান অর্থাৎ প্রায় চার কোটি ছুঁই ছুঁই। সেখানে তার প্রায় ১৬১১টি পোস্ট। কিন্তু শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে হঠাৎ করেই ইনস্টাগ্রাম থেকে গায়েব হয়ে যায় নোরার অ্যাকাউন্টের সব পোস্ট।
বিষয়টি নিয়ে হইচই পড়ে যায় ভক্তদের মধ্যে। আচমকা কাউকে কিছু না জানিয়ে কি ইনস্টাগ্রাম থেকে সরে গেলেন তিনি? ডি-অ্যাক্টিভেট করে দিলেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট?
এরপর গভীর রাতে ফিরে আসে নোরার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। দেখা যায়, ফিরে এসেছে পুরোনো সব পোস্ট, এমনকি ফলোয়ারের সংখ্যাও হেরফের হয়নি।
এ বিষয়ে নোরা একটি বিবৃতি শেয়ার করে জানিয়েছেন, তার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। খবর ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
তাদের প্রতিবেদনে বলা হয়, গত ৪ ফেব্রুয়ারি নোরা ফাতেহির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বেশ কয়েক ঘণ্টা ধরে পাওয়া যায়নি। প্রযুক্তিগত সহায়তায় নোরা তার অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছেন। তারপরে তিনি একটি বিবৃতি শেয়ার করে জানিয়েছেন, দুঃখিত বন্ধুরা! আমার ইনস্টাগ্রামে হ্যাক করার চেষ্টা করা হয়েছিল! সকাল থেকে কেউ একজন আমার একাউন্টে ঢোকার চেষ্টা করছে! ইনস্টাগ্রামে টিমকে ধন্যবাদ দ্রুত সমাধানে সহায়তা করার জন্য।
ইনস্টাগ্রামে প্রতি মুহূর্তের আপটেড শেয়ার করেন নোরা। বর্তমানে তিনি দুবাইতে ছুটি কাটাচ্ছেন। এই মুহূর্তে বি-টাউনের সবচেয়ে জনপ্রিয় আইটেম গার্ল এই বিদেশিনী। নোরার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরে আসায় স্বস্তিতে ভক্তরাও।