নাটোরের নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগরের আমজাদ হোসেন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (২৩ আগস্ট) র্যাব-১ সিপিসি-৩ ঢাকা ক্যাম্পের সহায়তায় ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করে তাদের নলডাঙ্গা থানায় হস্তান্তর করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- শাহাদত হোসেন (৭০) ও তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫)। তারা নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের বাসিন্দা।
নলডাঙ্গা থানা পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের আমজাদ হোসেনকে তার বাড়িতে ঢুকে হত্যা করেন শাহাদত হোসেন ও তার স্ত্রী নুরজাহান বেগম। পরে নিহত আমজাদ হোসেনের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা করেন। এ ঘটনার পর তারা আত্মগোপন চলে যান।
২০১৬ সালে নাটোর আদালত শাহাদত হোসেন ও তার স্ত্রী নুরজাহান বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা দেন। ২৫ বছর পলাতক থাকার প বুধবার তাদের দুজনকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করে নলডাঙ্গা থানায় হস্তান্তর করে র্যাব। পরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।