৩১ বছরেও রাশেদ খান মেনন হত্যা চেষ্টার বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ও জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মাহমুদুল হাসান মানিক।
তিনি বলেন, ১৯৯২ সালের ১৭ আগস্ট ওয়ার্কার্স পার্টির তোপখানা কার্যালয়ের সামনে রাশেদ খান মেননকে হত্যার জন্য গুলি করা হলে তিনি গুরুতর আহত হন। প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ ও পরে সিএমএইচ-এ তার চিকিৎসা ও অপারেশনের পর তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের কিংস কলেজ হাসপাতালে ও পরে ব্যাংককে অস্ত্রপচারের পর তিনি সুস্থ হন। ৩১ বছরেও হত্যা চেষ্টার বিচার হয়নি। তাই আমরা এই হত্যা চেষ্টার দ্রুত বিচার দাবি করছি। একইসাথে জড়িতদের কঠিন শাস্তি দাবি করছি।
শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে হত্যা চেষ্টার বিচার দাবি ও হত্যা চেষ্টার ৩১তম বার্ষিকী পালন উপলক্ষে র্যালি এবং মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
জেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে নালিতাবাড়ী পৌরশহরের আড়াইআনী বাজারের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গড়কান্দা উত্তর বাজার শহীদ মিনারে এসে হয়। পরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শেরপুর জেলার সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার সভাপতিত্বে শহীদ মিনার প্রাঙ্গনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সাংবাদিক হুমায়ুন মুজিবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সদস্য আবুল কালাম আজাদ।