করােনায় আক্রান্ত হয়ে স্বামী মারা যাওয়ার চার ঘন্টা পর শ্বাসকষ্টে স্ত্রীর মৃত্যু।
করােনায আক্রান্ত হয়ে শেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমানের বড় ভাই রফিকুর রহমান (৬৩) ও প্রচন্ড শ্বাসকষ্টে ভাবি আম্বিয়া খাতুন (৫০) মারা গেছেন। তারা শেরপুর শহরের মাধবপুর এলাকার বাসিন্দা। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। রফিকুর রহমান প্রায় দুই বছর থেকে লিভার সিরােসিস ও কিডনি রোগে ভুগছিলেন।
পরিবারের সদস্যরা জানায়, রফিকুর রহমান শারীরিক অসুস্থ হওয়ায় তাকে ময়মনসিংহে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত ২রা ডিসেম্বর তাকে ঢাকায় রেফার্ড করা হলে তার করোনা শনাক্ত হয়। ৯ ডিসেম্বর বুধবার সকাল ৬টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে মৃত্যু হয় তার।
এদিকে, তার মারা যাওয়ার চার ঘন্টা পর স্ত্রী আম্বিয়া খাতুন শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বুধবার সকাল ১০টায় শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বুধবার রাত ৮ টায় শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে শেরপুর পৌর চাপাতলী কবরস্থানে তাদের দাফন করা হবে। এই দম্পতির আকস্মিক মৃত্যুতে শেরপুরে নেমে এসেছে শােকের ছায়া ।