মানিকগঞ্জে ৫০ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার হয়েছে মাদক সম্রাজ্ঞী হামেদা বেগমসহ দুইজন। সোমবার (২৪ জুলাই) রাতে সিংগাইর উপজেলার আলীনগর থেকে পাঁচশত পাঁচ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। সোমবার (২৫ জুলাই) সকালে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ইনচার্জ মোহাম্মদ মোশারফ হোসেন জানান, দীর্ঘ দিন ধরে সিংগাইরের গারাদিয়া গ্রামে মোন্নাফ হোসেনের স্ত্রী হামেদা বেগম (২৯) মাদক ব্যবসা করে আসছিলেন। এর আগেও মাদকসহ একাধিকবার তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সোয়া ১২টার দিকে হামেদা বেগমের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বাড়ি থেকে পাঁচশত পাঁচ গ্রাম হেরোইন যার মূল্যে ৫০ লাখ ৫০ হাজার ও মাদক বিক্রির নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাদক সম্রাজ্ঞী হামেদা বেগম ও তার সহযোগী সদর উপজেলার মিতরা গ্রামের আব্দুল খালেকের ছেলে জসিম উদ্দিনকে (৩২) গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে সিংগাইর থানায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।