আসন্ন ৫ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ শনিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী নির্বাচন করা হয়।
প্রার্থীরা হলেন- গাজীপুর সিটিতে আজমত উল্লাহ খান, বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ, সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুরী, খুলনায় তালুকদার আব্দুল খালেক এবং রাজশাহী সিটিতে এইচ এম খায়রুজ্জামান লিটন।
৫ সিটিতে নির্বাচন উপলক্ষ্যে গত রোববার থেকে শুরু হয় আওয়ামী লীগের ফরম বিতরণ কার্যক্রম। বুধবার ফরম বিতরণ ও জমার শেষ দিন ছিল।
৫ সিটির মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হতে ইচ্ছুক ৪১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুসারে, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের ভোটগ্রহণ হবে। খুলনা ও বরিশালে ভোট হবে ১২ জুন। আর ২১ জুন রাজশাহী ও সিলেটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।