রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ব্যবস্থাপনায় নগরীর ৩০টি ওয়ার্ডে মোট ৮৪টি কেন্দ্রে আগামীকাল শনিবার (৭ আগস্ট) থেকে একযোগে করোনার গণটিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। কর্মসূচি চলবে আগামী ১২ আগস্ট পর্যন্ত। ছয়দিনের এই ক্যাম্পেইনে দেড় লাখ মানুষকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রাসিক।
রাসিক সূত্র জানায়, প্রতিদিন ২৫ হাজার জনকে মর্ডানার প্রথম ডোজ টিকা প্রদান করা হবে। তবে সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৮ বছর বয়সীদের পরিবর্ততে ২৫ বছর বা তার বেশি বয়সীদের টিকা প্রদান করা হবে। এরই মধ্যে টিকা প্রদানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। টিকাদান কার্যক্রম সফল করতে মহানগরবাসীর সহযোগিতা কামনা করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম জানান, পূর্বের ঘোষণা অনুযায়ী ১৮ বছর বয়সীদের করোনা টিকা প্রদানের কথা ছিল। কিন্তু সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২৫ বছর বা তার বেশি বয়সীদের টিকা প্রদান করা হবে। সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত মর্ডানার প্রথম ডোজ টিকা প্রদান করা হবে। টিকাদান কেন্দ্রে বৃদ্ধ, নারী ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার প্রদান করা হবে। জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনলেই দেওয়া হবে টিকা।
তিনি আরো জানান, রেজিস্ট্রেশন ছাড়াই যারা টিকা নিবেন, তাদের টিকা নেওয়ার পর রেজিস্ট্রেশন করতে হবে। ক্যাম্পেইন চলাকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্র (স্থান: টিচার্স ট্রেনিং কলেজ), পুলিশ হাসপাতাল কেন্দ্র, আইডি হাসপাতাল কেন্দ্র, সিএমএইচ রাজশাহী কেন্দ্রে টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে।