রাজধানী দক্ষিণখান এলাকা থেকে ৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের ছয়জন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলো, মোঃ মাসুদ রানা, মোঃ ছফির উদ্দিন শানু, মোঃ তমজিদুল ইসলাম, মোঃ আলমগীর হোসেন, ফিরোজা বেগম ও আসমা বেগম।
তাদের কাছ থেকে কাচের জারে রক্ষিত অবস্থায় ৮ দশমিক ৯৬ কেজি সাপের বিষ পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৭৫ কোটি টাকা। এছাড়াও তাদের কাছ থেকে সাপের বিষ সংক্রান্ত সিডি ও সাপের বিষের ম্যানুয়াল বই উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা সাপের বিষের আন্তর্জাতিক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে জানায় র্যাব। আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে সাপের বিষের ব্যাপক চাহিদা রয়েছে। তাই অধিক মুনাফার লোভে পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে সাপের বিষ সংগ্রহ করে চোরাচালান হচ্ছে।