৮ জুন ঢাকায় আসছে কাতার বিশ্বকাপের ট্রফি। সঙ্গী হচ্ছেন বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের ফুটবলার ক্রিস্তিয়ান কারেম্বু। ৩৬ ঘণ্টার সফর উম্মাদনা ছড়ানোর অপেক্ষায়। সীমিত আকারে ফুটবল ফ্যানরা সুযোগ পাবেন ট্রফির সঙ্গে ছবি তোলার। আর্মি স্টেডিয়ামে হবে উৎসব।
মরুর দেশ কাতারে গ্রেটেস্ট শো অন আর্থ তাই এশিয়ায় বাড়তি উন্মাদনা। যা ছড়িয়েছে বাংলাদেশেও। ৩৬ ঘণ্টার সফরে ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি।
এর আগেও এই ট্রফি এসেছে, উন্মাদনাও ছড়িয়েছে। তবে মাঝে ছেদ পড়েছিলো। রাশিয়া বিশ্বকাপে বিরতি দিয়েই ফিরছে বিশ্বসেরার স্বীকৃতি স্বর্ণালী ট্রফি। এবার উপমহাদেশের একমাত্র দেশ হিসেবে লাল-সবুজের দেশে আসছে ট্রফিটি।
বঙ্গভবন থেকে গণভবন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর হাত ঘুরে আর্মি স্টেডিয়ামে হবে সাধারণের উৎসব। ট্রফির সঙ্গে নিয়ম মেনে আসছেন বিশ্বকাপজয়ী তারকা। ৯৮ আসরের চ্যাম্পিয়ন ফ্রান্স দলের সদস্য ক্রিস্তিয়ান কারেম্ব্যুরই অনুমতি আছে ট্রফি ছোঁয়ার।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত যে লিজেন্ড আসবেন তিনি ফ্রান্সের ক্রিস্তিয়ান লালি বা ক্রিস্তিয়ান কারেম্বু।
ফুটবল উম্মাদনা ছড়িয়ে দিতে ট্রফি ট্যুরকে ঘিরে ফুটবল ফেডারেশনের আছে বিশেষ পরিকল্পনা। তবে তা এখনই বলতে চায় না বাফুফে।
৮ জুন চার্টার্ড ফ্লাইটে আসবে কাতার বিশ্বকাপের ট্রফি।