বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটি থেকে বাদ পড়া হেলেনা জাহাঙ্গীরের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৩ আগস্ট) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।
পল্লবী থানার পৃথক দুই মামলার তদন্ত কর্মকর্তা ১৪ দিনের রিমান্ডের আবেদন করে দুপুরে হেলেনা জাহাঙ্গীরকে আদালতে হাজির করেন। শুনানি শেষে বিচারক প্রত্যেক মামলায় চার দিন করে মোট আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ৩১ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার পরিদর্শক (অপারেশন) ইয়ামিন কবির টেলিযোগাযোগ আইনে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। একই দিনে মিরপুর থানার প্রতারণার অভিযোগে করা মামলায় তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন। উভয় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক প্রত্যেক মামলায় চার দিন করে মোট আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৩০ জুলাই ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় হেলেনা জাহাঙ্গীরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
২৯ জুলাই হেলেনা জাহাঙ্গীরের গুলশান-২এর ৩৬ নম্বর রোডের বাসভবনে দীর্ঘ ৪ ঘণ্টা অভিযান শেষে রাত ১২টার দিকে র্যাব তাকে আটক করে সদর দফতরে নিয়ে যায়। ৩০ জুলাই তাকে গ্রেফতারের তথ্য জানায় র্যাব। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতার দেখানো হয়।