ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে প্রেমিক যুগল। এতে প্রেমিক শান্ত (২০) নিহত হলেও প্রেমিকা মাহমুদাকে (১৭) আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
শনিবার বিকেলে ঢাকা-সিলেট রেলপথে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শান্ত ওই গ্রামের হামদু মিয়ার ছেলে এবং মাহমুদা একই গ্রামের মোরশেদ মিয়ার মেয়ে। তবে ঠিক কী কারণে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে সেটি জানা যায়নি।
পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম গণমাধ্যমকে জানান, শান্ত ও মাহমুদার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিকেলে বাড়ির সামনে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে একসঙ্গে ঝাঁপ দেয় ওই যুগল। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় শান্ত। এ ঘটনায় গুরুতর আহত মাহমুদাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাজহারুল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।