মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের রাস্তায় চোখে পড়ছে রংবেরং-এর ফ্রিজ। দেশটির বহু শহরে প্রতি সপ্তাহে পাড়া মহল্লার মানুষদের ব্যবহারের জন্য রাস্তায় বসানো হচ্ছে রঙিন ফ্রিজ।
বিবিসি বাংলা’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২০ সালে অনাহারে দিন কাটানোর মানুষের সংখ্যা ছিল পাঁচ কোটিরও বেশি। এর আগের বছর আমেরিকায় এই সংখ্যা ছিল সাড়ে তিন কোটি। বাইডেন প্রশাসন বলছে, খাদ্য সংকট মোকাবেলার জন্য তার সরকার পদক্ষেপ নিচ্ছে। কিন্তু এই পদক্ষেপ কার্যকর হতে সময় লাগবে।
তবে এরই মধ্যে কিছু কিছু পাড়ার বাসিন্দারা এই অনাহার সংকটের মোকাবেলা করতে নিয়েছে অভিনব উদ্যোগ। স্থানীয়রা অভুক্ত বাসিন্দাদের খাওয়াতে ও সাহায্য করতে সকলে মিলে রাস্তায় রাস্তায় বসিয়েছে ফ্রিজ। যেখানে সবার জন্য রয়েছে খাবারের ভান্ডার।
আমেরিকার নিউ ইয়র্কে এই খাদ্য ভান্ডারের জন্য প্রচণ্ড শীতে লাইন দিয়েছেন সেখানকার বাসিন্দারা। আর এ ধরণের ফ্রিজের চাহিদা ক্রমশই বাড়ছে।
কমিউনিটি ফ্রিজগুলোর মাধ্যমে বাসিন্দারা তাদের অভুক্ত প্রতিবেশীদের সাহায্য করছেন। এই ফ্রিজগুলো রাখা হচ্ছে রাস্তার ফুটপাতের উপর যেন স্থানীয় দোকান বা বাসার মানুষরা ফ্রিজটিতে জিনিসপত্র রাখার সুযোগ পান। ২৪ ঘন্টাই এই ফ্রিজটি ব্যবহার করা যাচ্ছে।
উদ্যোক্তারা বলছেন, এই ফ্রিজগুলোর প্রয়োজনীয়তা মহামারির পরেও থাকবে।