আফ্রিদির শ্বশুর হতে যাচ্ছেন আফ্রিদি। অর্থাৎ পাকিস্তানের তরুণ পেসার শাহীন আফ্রিদির সঙ্গে নিজের বড় মেয়ে আকসা আফ্রিদিকে বিয়ে দিতে যাচ্ছেন দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
খবরটি গত কয়েকদিন আগের হলেও পাক ক্রিকেটমহলের চর্চিত বিষয় এখনও। শুধু ক্রিকেটমহলই নয় এ খবরে উচ্ছ্বসিত গোটা পাকিস্তান।
হবুজামাই ও হবুশ্বশুরকে নিয়ে নানা মুখরোচক গল্পে মজেছেন তারা। সে সুযোগে দেশটির সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ২০১৮ সালের পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একটি ভিডিও।
ভিডিও অবশ্যই শহীদ আফ্রিদি ও শাহীন আফ্রিদিকেন্দ্রিক।
ভিডিওতে দেখা গেছে, শহীদ আফ্রিদিকে বোল্ড করে দিয়েছেন পেসার শাহীন শাহ আফ্রিদি। বুমবুম আফ্রিদিকে বোল্ড করে প্রথম দিকে উল্লাস শুরু করেন শাহীন। কিন্তু পরক্ষণেই আর উল্লাস না করে মাথা নিচু করে মুচকি হাসতে শুরু করেন শাহীন। লজ্জায় লাল হয়ে যায় শাহীনের মুখ। সে সময় গ্যালারিতে বসে খেলা দেখছিলেন শহীদ আফ্রিদির তিন মেয়ে। ক্যামেরাম্যানও সুযোগ হাতছাড়া করেননি। তিন মেয়েরই গালে হাত দিয়ে হতাশা প্রকাশের দৃশ্য ক্রিকেটপ্রেমীদের দেখাতে ভুল করেননি তারা।
সেদিন সময়টিকে আরও উপভোগ্য করে তুলেছিলেন ধারাভাষ্যকার ও পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার রমিজ রাজা।
ধারাভাষ্যকক্ষ থেকে তিনি বলে ওঠেন, আফ্রিদির প্রতি সম্মানের কারণেই এমন উইকেটপ্রাপ্তির উদযাপন করেননি শাহীন।
এই ভিডিওটি নিয়ে এখন মজায় মেতেছেন পাক ক্রিকেটভক্তরা। দেশটির সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে পিএসএলের এই মুহূর্তটি।
ভিডিওটি দেখুন –