কক্সবাজারে বেসরকারি সংস্থা ব্লাস্টের নারী কর্মীর বিরুদ্ধে বিজিবির দায়ের করা মানহানি মামলায় চার্জ গঠনের জন্য আগামী ১৫ মার্চ সময় নির্ধারণ করে আদেশ দিয়েছেন আদালত।
মামলায় বাদীপক্ষের আইনজীবী সাজ্জাদুল করিম জানিয়েছেন, বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে মামলার নির্ধারিত দিনে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহ’র আদালত এ আদেশ দিয়েছেন।
এ ছাড়া মামলায় অভিযুক্ত আসামি ফারজানা আক্তারের স্থায়ী জামিন মঞ্জুর করেও আদালত আদেশ দিয়েছেন বলে জানান এ আইনজীবী।
গত ২০২০ সালের ৮ অক্টোবর কক্সবাজার-টেকনাফ সড়কের বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের দমদমিয়া চেকপোস্টে অন্যদের সঙ্গে অটোরিকশা যাত্রী ব্লাস্টের নামের এনজিওর নারী কর্মী ফারজানা আক্তারকেও তল্লাশি করা হয়। পরে ওই নারী ধর্ষণের অভিযোগ করেন বিজিবির সদস্যদের বিরুদ্ধে। এ নিয়ে তার (ফারজানা আক্তার) বক্তব্যের ওপর ভিত্তি করে কয়েকটি গণমাধ্যমে সংবাদও প্রচারিত হয়।
পরে ঘটনাটি মিথ্যা দাবি করে বিজিবির দমদমিয়া চেকপোস্টের সুবেদার মোহাম্মদ আলী মোল্লা বাদী হয়ে ওই নারী এনজিও কর্মীর বিরুদ্ধে গত ১০ নভেম্বর কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেন।
আদালত মামলাটি আমলে নিয়ে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার জন্য টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলামকে নির্দেশ দেন। এ নিয়ে গত ২২ নভেম্বর ওই পুলিশ কর্মকর্তা আদালতে প্রতিবেদন জমা দেন। এতে আদালত ফারজানা আক্তারের বিরুদ্ধে সমন জারি করে আদেশ দেন।
গত ১৪ জানুয়ারি অভিযুক্ত আসামি কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। ওইদিন শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
বিজিবির দায়ের মামলায় বাদীপক্ষের আইনজীবী সাজ্জাদুল করিম বলেন, ধর্ষণের মিথ্যা অভিযোগ তোলায় বিজিবির দায়ের মামলায় বৃহস্পতিবার আদালতের নির্ধারিত দিন ছিল। মামলার সার্বিক দিক বিবেচনা করে আদালত আগামী ১৫ মার্চ চার্জ গঠনের জন্য আদেশ দিয়েছেন। এ ছাড়া অভিযুক্ত আসামিকে স্থায়ী জামিনেরও আদেশ দেন আদালত।