বৃটিশ রাজপরিবারের বিরুদ্ধে প্রিন্স হ্যারি এবং ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল বর্ণবাদের যে অভিযোগ উত্থাপন করেছেন তাকে উদ্বেগজনক বলে অভিহিত করেছে বাকিংহাম রাজপ্রাসাদ। সেখান থেকে দেয়া এক বিবৃতিতে তাদের এমন অভিযোগকে অত্যন্ত গুরুত্ব দিয়ে নেয়া হয়েছে বলে জানানো হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
অভিযোগগুলোয় ভিন্নতা আছে। কিন্তু তা প্রাইভেটলি দেখা হবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সেলিব্রেটি উপস্থাপিকা অপরাহ উইনফে’কে মেগান মার্কেল সাক্ষাৎকারে বলেছেন, রাজপরিবারের কেউ একজন প্রিন্স হ্যারির কাছে জানতে চান, তার সন্তান আর্চি’র গায়ের রঙ কেমন হবে। তবে জবাবে রাজপরিবার বলেছে, সাসেক্সদের সব সময়ই পরিবারের ভালবাসাময় সদস্য হিসেবে দেখা হয়। হ্যারি ও মার্কেলের অভিযোগের পর রাজপরিবারের সিনিয়র সদস্যরা এ নিয়ে বৈঠক করেন।
তারপর প্রতিক্রিয়া দেয়া হয়। বৃটিশ রাজপরিবারে প্রথম মিশ্র বর্ণের সদস্য মেগান মার্কেল। তিনি রাজপ্রাসাদ সম্পর্কে যেসব অভিযোগ করেছেন তাতে রাজপরিবার বেশ চাপে রয়েছে। ওদিকে হ্যারির ছেলে আর্চির গায়ের রঙ কেমন হবে তা নিয়ে যে বা যারা প্রশ্ন করেছিলেন তার মধ্যে রাণী দ্বিতীয় এলিজাবেথ বা ডিউক অব এডিনবার্গ ছিলেন না বলে জানিয়েছেন প্রিন্স হ্যারি।