কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে যাত্রীবাহী বাসে আগুন লেগে দুই যাত্রী নিহত ও ৯ জন অগ্নিদগ্ধসহ ২১ জন আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে।
দাউদকান্দি মডেল থানার এসআই মোস্তফা কামাল বাদী হয়ে বাসের মালিক ও চালককে আসামি করে এই মামলা দায়ের করা হয়। মামলায় আসামিরা হচ্ছেন: মতলব কক্সপ্রেস বাসের মালিক মো. মিজানুর রহমান। তিনি কুমিল্লা দাউদকান্দি স্ববাহন গ্রামের মৃত আমির হোসেনের ছেলে এবং ওই বাসের চালককে অজ্ঞাত দেখানো হয়েছে। আগুনে পুড়ে যাওয়া মতলব কক্সপ্রেস বাসের রেজিঃ নং- ঢাকা-জ-১৪-০১৪৪।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, শুক্রবার (১২ মার্চ) তার থানার এসআই মোস্তফা কামাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আসামিদের অবহেলাজনিত কারণে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে বাসে আগুন লেগে হতাহতের ঘটনা ঘটেছে।
তিনি আরো জানান, পরবর্তীতে নিহত দুইজনের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাফন-কাফনের জন্য প্রাথমিকভাবে ২০ হাজার টাকা করে দেয়া হয়েছে। এছাড়াও আহতদের চিকিৎসার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হবে।