করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় অনিশ্চয়তা তৈরি হয়েছে অমর একুশে গ্রন্থমেলা নিয়ে। সংষ্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ জানিয়েছে, এখন পর্যন্ত সিদ্ধান্ত মেলা হবে। তবে, সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগও বাড়ছে। এই সংক্রমণ মহামারী পর্যায়ে গেলে এই মেলা বন্ধের সিদ্ধান্ত আসার আভাসও দিয়েছেন তিনি।
শুক্রবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে গ্রন্থমেলার প্রস্তুতি পরিদর্শনে গিয়ে এসব কথা জানান সংষ্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ। তিনি জানান, ১৫ তারিখ বইমেলার সাথে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বৈঠক হবে। এই ক’দিনের সংক্রমণের হারসহ সবকিছু বিবেচনায় নিয়ে ওইদিন সিদ্ধান্ত নেয়া হবে।
১৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া বইমেলার পরিসর এবার এক-তৃতীয়াংশ বাড়ানো হচ্ছে। মাস্ক ছাড়া কেউ মেলায় ঢুকতে পারবে না। প্রবেশ পথ থাকবে ১২টি, মেলায় ঢোকার সময় থাকবে হাত ধোয়ার ব্যবস্থা। বাড়তি আয়োজন হিসেবে একটি ভিজিলেন্স টিম প্রস্তুত রাখা হবে। এ বছর থেকে রমনা এলাকা দিয়েও ঢুকতে পারবেন দর্শনার্থীরা। এবছর গ্রন্থমেলায় ৫২২ টি প্রতিষ্ঠান স্থান বরাদ্দ দেয়া হয়েছে। মেলায় স্টল থাকবে ৮০৮ টি এবং প্যাভিলিয়ন থাকবে ৩৩টি।