জোড়া মাথার রোকেয়া-রাবেয়াকে সফলভাবে আলাদা করতে পারা মুজিববর্ষের বড় অর্জন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যমজ দুই বোনের বাড়ি ফেরা উপলক্ষে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন সরকারপ্রধান। এর আগে বিমানের নতুন দুটি উড়োজাহাজের উদ্বোধনীতে, যাত্রী সেবা আরো উন্নত ও যুগোপযোগী করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ বিমানকে আধুনিকায়নে সরকারের নেয়া পদক্ষেপের ধারাবাহিকতায় নতুন যুক্ত হলো দুটি ড্যাশ-এইট মডেলের উড়োজাহাজ যার নাম দেয়া হয়েছে শ্বেতবলাকা ও আকাশতরী। এর উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বলেন, বিমানকে বিশ্বমানের করে গড়ে তুলতে উদ্যোগী তার সরকার।
এরপর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে জোড়া মাথার শিশু রাবেয়া ও রোকেয়াকে আলাদা করার সফল অস্ত্রোপাচার শেষে ঘরে ফিরে যাবার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের চিকিৎসাসেবায় নতুন মাত্রা যোগ করেছে এই ঘটনা।
এ সময় রাবেয়া ও রোকেয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চান প্রধানমন্ত্রী।