বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হলো আরও দুটি উড়োজাহাজ। আকাশতরী ও শ্বেত বলাকার উদ্বোধনের মধ্য দিয়ে বিমান বহরে যুক্ত হলো ড্যাশ ৮-৪০০ সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত সম্পূর্ণ নতুন দ্বিতীয় ও তৃতীয় বিমান।
রবিবার (১৪ মার্চ) সকালে আকাশতরী ও শ্বেতবলাকার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উড়োজাহাজ দুটির উদ্বোধন করেন তিনি।
উড়োজাহাজ দু’টি বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে ক্রয় করা তিনটি উড়োজাহাজের মধ্যে দ্বিতীয় ও তৃতীয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অত্যাধুনিক ড্যাশ ৮-৪০০ দু’টি উড়োজাহাজ বহরে যুক্তকরণের মাধ্যমে অভ্যন্তরীণ ও স্বল্প দূরত্বের আন্তর্জাতিক রুট গুলোয় ফ্লাইট ফ্রিকোয়েন্সি বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। এতে যাত্রীসাধারণ অতি সহজেই তার নিদিষ্ট গন্তব্যে পৌঁছতে পারবেন।
এসময় বিমানের যাত্রী সেবা আরো উন্নত ও যুগোপযোগী করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশ বিমানকে বিশ্বমানের করে গড়ে তুলতে উদ্যোগী তার সরকার। তিনি বলেন, আমরা এর আগেও দুটি বিমান ক্রয় করেছি। এখন আবার দুটো বিমান আজ উদ্বোধন হচ্ছে। যেগুলোর নাম দিয়েছি- উড়োজাহাজ আকাশতরী ও শ্বেতবলাকা। এগুলো যেন সুন্দরভাবে সুরক্ষিত থাকে, যাত্রীসেবা যেন মানসম্মত হয়, এদিকে সবাই খেয়োল রাখবেন। জানান, আওয়ামী লীগ সরকারের আমলে বিমানের বহরে যোগ হয়েছে ১৬টি উড়োজাহাজ।
বিমান কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এটা আমাদের দেশ। লাখ শহীদের রক্তের বিনিময়ে এদেশ পেয়েছি। এ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা সকলের দায়িত্ব। আমাদের যাত্রীসেবা যত উন্নত করতে পারব, দেশের লাভ হবে। সেটাই আমরা চাই।
এ সময় তিনি বলেন, এটা অত্যন্ত নিরাপদ ও আধুনিক প্রযুক্তির। যারা চিন্তা করেন তাদের জন্য এটা নিরাপদ হবে। চিন্তার বিষয় কিছু থাকবে না।