কুষ্টিয়ার মিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সিদ্দিক শেখ (৪৫) নামের এক যুবক নিহত হয়েছে। সোমবার (১৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় ওই গ্রামের মৃত ফেরত আলী শেখের ছেলে সিদ্দিক শেখ বাড়িতে ছিলেন। এ সময় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিবেশী বিল্লাল হোসেনের ছেলে সালাউদ্দিন, বকুল, জলিল, খলিল ও তার সমর্থকেরা ধারালো অস্ত্র দিয়ে সিদ্দিককে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে।
পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিয়া সুলতানা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের ৬টি আঘাত রয়েছে। এর মধ্যে বুকের কোপটি গুরুতর বলে তিনি জানান।
মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের আটকে পুলিশ কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।