৫০ বছরের বেশি বয়স্ক ইংল্যান্ডের সকল নাগরিকের জন্য ভ্যাকসিন প্রস্তুত রয়েছে এবং তারা এনএইচএস ওয়েবসাইট থেকে ভ্যাকসিনের জন্য আবেদন করতে পারবেন। এর আগে গত মাসে বৃটিশ সরকার ঘোষণা করেছিল যে, মে মাসের পূর্বেই দেশের ৫০ বছরের বেশি বয়স্কদের সকলকে ভ্যাকসিন প্রদান করা হবে।
দেশটিতে অগ্রাধিকারের যে তালিকা প্রস্তুত করা হয়েছে তাতে প্রথমেই রয়েছে ৭০ বছরের বেশি বয়স্করা। এরপর ক্রমেই ভ্যাকসিন দেয়া হবে, এনএইচএসের সকল কর্মী, স্বাস্থ্যকর্মী, ৬৫ বছরের অধিক বয়স্ক, ১৬ বছরের অধিক বয়স্ক যারা বিভিন্ন রোগে আক্রান্ত, ৬০ বছরের বেশি বয়স্ক, ৫৫ বছরের বেশি বয়স্ক এবং ৫০ বছরের বেশি বয়স্ক।
অর্থাৎ, মে মাসের পূর্বেই অগ্রাধিকারভিত্তিতে ভ্যাকসিন পাবে ৯টি আলাদা গ্রুপ।
দেশটির জয়েন্ট কমিটি অন ভ্যাকসিনেশন এন্ড ইমিউনিস্যাশন এরইমধ্যে জানিয়েছে, অগ্রাধিকারভিত্তিতে ভ্যাকসিন প্রদানের পরেও বয়সের ওপর ভিত্তি করেই দেশের বাকি নাগরিকদের ভ্যাকসিন সুবিধার আওতায় আনা হবে। অর্থাৎ, প্রথমে ভ্যাকসিন পাবে ৪০ থেকে ৪৯ বছর বয়স্করা। কমিটির দাবি, এই পদ্ধতিতেই সবার আগে সফলতা পাওয়া যাবে।
আলাদা করে, শিক্ষক, পুলিশ বা সাংবাদিকদের ভ্যাকসিন দিতে গেলে তাতে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।
উল্লেখ্য, এরইমধ্যে যুক্তরাজ্যে ২ কোটি ৫০ লাখ মানুষকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হয়েছে। এছাড়া ১ কোটি ৬০ লাখের বেশি মানুষ পেয়েছে দ্বিতীয় ডোজও। প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, আগামী জুলাই মাসের মধ্যেই দেশের সকল প্রাপ্তবয়স্কদের ভ্যাকসিন নিশ্চিত করা হবে।