আবারো আট বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করেছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দেশটির অংবান শহরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শহরটিতে সেনা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছিল বিক্ষোভকারীরা। এ সময় বিরোধীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ছোড়ে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। এরপর বিক্ষোভকারীদের একটি ব্যারিকেড সরিয়ে দিতে তারা গুলি চালায়।
বার্তা সংস্থা রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী বলেন, নিরাপত্তা বাহিনী ব্যারিকেড সরিয়ে দেয়ার চেষ্টা করলে জনগণ তাতে বাধা দেয়। তখন তারা গুলি ছোড়ে। এ ঘটনায় আটজন মারা গেছেন।
ইয়াঙ্গুনের স্থানীয়রা গণমাধ্যম কে জানিয়েছে, পুলিশ সাধারণ জনগণকে বিক্ষোভকারীদের ব্যারিকেড সরাতে বাধ্য করেছে। এছাড়া মান্দালয়, মিয়ানগ্যান, কাথা ও মিয়াওয়াডিতেও অভ্যুত্থান বিরোধীরা শুক্রবার বিক্ষোভ প্রদর্শন করেছে।
মিয়ানমারের জান্তা সরকারের মুখপাত্রের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।