যশোরে পাঁচ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১১ বছরের এক কিশোরের বিরুদ্ধে। নির্যাতিত মেয়েটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৯ মার্চ) দুপুরে যশোর সদর উপজেলার একটি গ্রামে।
নির্যাতিত শিশুর মা অভিযোগ করে বলেন, আমার প্রতিবেশীর ছেলে আমার পাঁচ বছরের মেয়েকে চকলেট দেওয়ার কথা বলে তাদের ঘরের ভেতরে নিয়ে যায়। এসময় ওই বাড়িতে কেউ ছিল না। এরপর তার মুখ চেপে ধর্ষণ করে। আমার মেয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে আসে। এসময় তার যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ হচ্ছিল। আমরা টের পেয়ে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসি।
তিনি আরও বলেন, ওই ছেলের পরিবারই খারাপ। এরা গ্রামের কয়েকটি মেয়ের সর্বনাশ করেছে। আমার মেয়ের সঙ্গেও একই ঘটনা ঘটলো।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শাহিনুর রহমান সোহাগ বলেন, সেক্সুয়্যাল এ্যাসাল্ট হিসাবে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না। তাকে প্রথমে লেবার ওয়ার্ড পরে শিশু সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে।
হাসপাতালের আরএমও আরিফ আহম্মেদ বলেন, শিশুটির শারীরিক অবস্থা এখন ভালো। ধর্ষণের অভিযোগের কারণে আলামত সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসার পরে বিস্তারিত জানা যাবে।
যশোরে কোতোয়ালী থানার ওসি মোহম্মদ তাজুল ইসলাম বলেন, এ ঘটনা জানার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।