আইসল্যান্ডের যে আগ্নেয়গিরি ফুঁসে উঠল ৮০০ বছর পর
দীর্ঘ ৮০০ বছর পর আইসল্যান্ডের রাজধানী রিকজাভিকের দক্ষিণ-পশ্চিমে ফাগরাডালসফল আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে।
রিকজানেস উপদ্বীপের এই আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের কারণে ৫০০ থেকে ৭০০ মিটার দীর্ঘ ফাটল তৈরি হয়েছে।

অগ্ন্যুৎপাতের এলাকাটি রিকজাভিক থেকে ৩০ কিলোমিটারের মতো দূরে। সেখানে কোস্টগার্ডের হেলিকপ্টার পাঠানো হয়। হেলিকপ্টার থেকে তোলা ছবিতে দেখা গেছে, আগ্নেয়গিরি থেকে লাভা উদগীরণ হয়ে নিচে গড়িয়ে পড়ছে।
আগ্নেয়গিরির পার্শ্ববর্তী এলাকার এক বাসিন্দা জানান, তিনি তার জানালা থেকেই অগ্নুৎপাতের ফলে লাল আভাময় আকাশ দেখতে পান। কৌতূহলী মানুষদের গাড়ি নিয়ে সেদিকে যেতেও দেখেন তিনি।
দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ফাগরাডালসফলে অগ্ন্যুৎপাত শুরুর খবর পায় তারা। এরপর ওয়েবক্যাম ও স্যাটেলাইটের ছবির মাধ্যমে অগ্ন্যুৎপাত সম্পর্কে নিশ্চিত হতে পারে তারা।

আবহাওয়া অফিস আরও জানায়, এই অগ্ন্যুৎপাতে খুব বেশি ছাই বা ধোঁয়া সৃষ্টি হবে না বলে ধারণা করা হচ্ছে। তাই এর ফলে বিমান চলাচল বাঁধাগ্রস্ত হবে না বলে আশা করছে তারা।