ফরিদপুরের ভাঙ্গা বিশ্বরোড ও ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দি নামক স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।
আজ রবিবার (২১ মার্চ) সকাল ও ভোররাতে পৃথক দুর্ঘনায় এই হতাহতের ঘটনা ঘটে।
সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দি নামক স্থানে একটি ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৯ জন। তাঁদেরকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সকালে মাঝকান্দি নামক স্থানে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে ঢাকাগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ তিনজন নিহত হন। আর আহত হন ১২ জন। তাঁদেরকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মারা যান এক শিশুসহ আরো ৩ জন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে করিম হাইওয়ে থানায় নিয়ে যায়। হতাহতের পরিচয় এখনো জানা যায়নি।
অপরদিকে, ফরিদপুরের ভাঙ্গা বিশ্বরোডে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একজন। আজ রবিবার (২১ মার্চ) ভোররাতে ভাঙ্গা বিশ্বরোডের আতাদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলা সদরের হোগলাডাঙ্গি-সদরদী এলাকার শফিকুল খানের ছেলে শাকিল খান (২২) এবং একই এলাকার আবু ফকিরের ছেলে রনি ফকির (২১)। শাকিল খান ঢাকার সরকারি তিতুমীর কলেজের বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র। আহত দুইজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, আজ রবিবার ভোরে শাকিল তাঁর বন্ধু রনিকে মোটরসাইকেলে নিয়ে শিবচর থেকে ভাঙ্গার উদ্দেশে রওনা দেন। তাঁদের মোটরসাইকেলটি ভাঙ্গা বিশ্বরোডে পৌঁছলে মোটরসাইকেলের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই শিক্ষার্থী নিহত হন। অপরজন আহত হলে তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।