বোনকে স্থানীয় মাদরাসায় পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। আজ রোববার (২১ মার্চ) বিকেলে নড়াইল পৌরসভার ভাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর মা জানান, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে বড় মেয়ে ছোট মেয়েকে পার্শ্ববর্তী বাদামতলা স্থানীয় মাদরাসা পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিল। বাড়ির কাছাকাছি আসলে প্রতিবেশী মনতাজ মিয়া (৫২) তাকে ঘরে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ সময় মেয়ে চিৎকার শুরু করলে দৌড়ে পালিয়ে যান মনতাজ। এ ঘটনার পর স্থানীয় মাতব্বর পাখি মোল্লাকে জানাই এবং সবার পরামর্শে হাসপাতালে ভর্তি করি।
সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শেখ রাশেদ রানা বলেন, ‘প্রাথমিকভাবে পরীক্ষা করে ধর্ষণ চেষ্টার আলামত পাওয়া যায়নি। তবে এটি নিশ্চিতের জন্য প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
এ ঘটনার বিষয়ে সদর থানার এসআই রেজাউল বলেন, বিষয়টি জানার পর হাসপাতাল গিয়ে ভুক্তভোগী ও তার পরিবারের সাথে কথা বলেছি। অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।